Main Menu

রাজশাহীতে ৪ জঙ্গিসহ নিহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতরে চার জঙ্গি আত্মঘাতী হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বিস্ফোরণের সময় আহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুল মতিনের বাড়ি গোদাগাড়ির মাটিকাটা ইউনিয়নেই। জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

ওসি জানান, বিস্ফোরণে নিহতরা ওই বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী এবং ছেলে আলামিন বলে তারা ধারণা করছেন। তাদের লাশ বাড়ির সামনেই পড়ে আছে।

বিস্ফোরণ ঘটানোর আগে দুটি শিশুকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হলে পুলিশ তাদের সরিয়ে নেয়। আরেকজন নারীকেও বাড়ির সামনে মাঠের মধ্যে বসে থাকতে দেখা গেছে। ওই মহিলার শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঘটনাস্থলে কোন বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ কিংবা মহিলা পুলিশ না থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না।

রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাছমারা বেনীপুর গ্রামে মাঠের মধ্যে মাস দুই আগে বাঁশ আর টিন দিয়ে ওই ঘর তোলা হয় বলে স্থানীয়দের ভাষ্য।

তারা বলছেন, বাড়ির মালিক সাজ্জাদ হোসেন তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। এলাকাবাসীর সঙ্গে তাদের খুব একটা মেলামেশা ছিল না।

সাজ্জাদ গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতেন। আর তার দুই ছেলে আলামিন ও শোয়েব কৃষিকাজ করতেন।
বৃহস্পতিবার (১১ মে) ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ওসি বলেন, ‘ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে ওই বাড়ির ভেতর থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।’
ধানক্ষেতের মাঝখানে টিনের ওই বাড়িটির আশপাশের আর কোনও ঘরবাড়ি নেই।

Share





Related News

Comments are Closed