Main Menu

শওকত হোসেন নীলু আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক : ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নীলুর ব্যক্তিগত সহকারী আল আমিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চারদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নীলুকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তার হার্ট অ্যাটাক হলে দুই দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শওকত হোসেন নীলু দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০-দলীয় জোট ছেড়ে নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) গঠন করেছিলেন। এই জোটের আহ্বায়ক ছিলেন তিনি।

আল আমিন জানান, অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত নীলুর বড় মেয়ে দেশে এলে সোমবার তাকে দাফন করা হবে।

১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার গিমডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন শওকত হোসেন নীলু। ষাটের দশকে গোপালগঞ্জে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় তার।

তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে এরশাদ দল গঠন করলে তার জাতীয় পার্টিতে যোগ দেন নীলু। দলটির প্রেসিডিয়াম সদস্য এবং কৃষক পার্টির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর নীলু এনপিপি গঠন করেন।

Share





Related News

Comments are Closed