Main Menu

ছাতকে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র আহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ত্রাসী হামলায় সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আপন মিয়া (২১) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯নং ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন আপন মিয়ার এরই মধ্যে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে, তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। এদিকে, ঘটনার চারদিন পেরোলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে সন্ত্রাসীরা। এমনকি তাদের পক্ষ থেকে আহতের মার কাছে মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এমতাবস্থায় নিরীহ কলেজ ছাত্রের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আহত আপন মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমার চেচান গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। গত ১ মে রাতে চেচান বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আহত করে মৃত ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সে।
আহতের বড় ভাই শিপন মিয়া জানান, ঘটনার দিন সন্ধ্যায় চেচান গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান নোমান আহত আপনকে ডেকে বাজারে নিয়ে আসে। এসময় তার সঙ্গিয় আজিজুল হক, চমক আলী, সাব্বির আহমদ, শাহীন আহমদ, আবু মিয়া, শিপন আহমদ আপনকে বুকে-পিঠে ও উরুতে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানান, গত ১৩ এপ্রিল চেচান সিবিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল। ওই নির্বাচনে হামলাকারীদের পক্ষের লোকজন পরাজিত হওয়ায় দুদিন পর তারা সংঘর্ষে লিপ্ত হয়। তাদের হামলায় প্রায় সত্তরজন লোক আহত হন। পরবর্তীতে ২০ এপ্রিল উপজেলার মুরব্বিগণের মধ্যস্থতায় সংঘর্ষের বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি হলেও ওই ঘটনার জেরেই গত ১ মে তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
এঘটনার পর তারা ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে গতকাল শুক্রবার সকালে ওসমানী হাসপাতালে তার মা কল্পনা বেগমকে হামলাকারীর পক্ষের লোকজন এসে মামলা তুলে নেয়ার চাপ প্রয়োগ করে। এরপর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই সুহেল রানা জানান, গত ৪ মে সাতজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩ (০৪/০৫/২০১৭)। আসামীদের আটকের তৎপরতা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code