Main Menu

পাউবো’র সিলেট অঞ্চলের তিন প্রকৌশলী বরখাস্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগাম বন্যায় হাওর অঞ্চলের ফসলহানির ঘটনায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ তদারকিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট অঞ্চলের তিন প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে। সুনামগঞ্জ ও সিলেটের হাওর রক্ষা বাঁধের নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতির ‘গুরুতর অভিযোগ তদন্তের জন্য তদন্তের স্বার্থে’ তাদের বরখাস্ত করা হয় বলে আদেশে বলা হয়েছে।
বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. আব্দুল হাই এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন।
এদিকে, আগাম বন্যায় হাওরের ফসলের ক্ষতির কারণ এবং বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গত ৯ এপ্রিল গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার পুনর্গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
গত মাসের শেষ দিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তালিয়ে যায়। দুর্বল ও অসমাপ্ত বাঁধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করে সিলেট ও সুনামগঞ্জে মানববন্ধন ও সভা-সমাবেশ হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাওরাঞ্চলের ছয় জেলায় মোট দুই লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতিগ্রস্ত হয়েছে আট লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার।

Share





Related News

Comments are Closed