Main Menu

মাউন্ট এডোরা হাসপাতালে আজ ফ্রি চিকিৎসা সেবা দেবেন ভারতের চিকিৎসক দল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মাউন্ট এডোরা হসপিটালে আজ শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা দেবেন ভারতের একদল চিকিৎসক। মাউন্ট এডোরা কর্তৃপক্ষ বলছেন, সেবামুলক কার্যক্রম গতিশীল করার প্রচেষ্টায় তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাঃ দেবী প্রসাদ শেঠীর স্বনামধন্য প্রতিষ্ঠান নারায়না হসপিটাল গ্রুপ। এই গ্রুপের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন এবং সন্ধ্যায় একটি মেডিকেল শিক্ষা কার্যক্রমে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে অংশগ্রহণ ও মতবিনিময় করবেন। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রুপে রয়েছেন ভারতের বেঙ্গালুরের নারায়না হেলথ গ্রুপ হসপিটালের অর্থোপেডিক্স বিশষজ্ঞ ডা. আর ডি চক্রবর্তী, নারায়না হেলথ সিটির হেড এন্ড নেক সার্জিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ বিজয় পিল্লাই, একই হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: ইসতিয়াক আহমেদ ও ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দয়ানন্দ বাল্লাপা ইয়ালিগার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ এমন তথ্য জানান।
লিখিত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ খন্দকার মোঃ আখতারুজ্জামান বলেন, মাউন্ট এডোরা সুনামের সাথে সিলেটবাসীর চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই সঙ্গে সামাজিক যে দায়িত্ব তা পালনের চেষ্টা করে যাচ্ছে। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের প্রথম সারির ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বিয়ানীবাজার উপজেলায় পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে। আখতারুজ্জামান বলেন, আমরা সেবামুলক কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কার্যক্রম আরো গতিশীল করার প্রচেষ্টায় ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ফ্রি চিকিৎসা দেয়ার উদ্যোগ।
নগরীর মিরবক্সটুলাস্থ হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, নির্দিষ্ট সংখ্যক রোগী দেখা হবে বিধায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রকৃত রোগীগন রেজিস্ট্রেশনের জন্য মেডিকেল হেলপ লাইনে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করা যাবে ০১৭৯৬-৬৪৮৯৬১। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর, পরিচালক ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক ডাঃ নজরুল ইসলাম, পরিচালক ডাঃ সৈয়দ আলমগীর সাফওয়াত, পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ মোঃ আল মুহাইমিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Share





Related News

Comments are Closed