ভূমি আত্মসাত মামলায় রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতারনার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলীকে ১৪ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই মামলায় রাগিব আলীর ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আব্দুল কাদির এবং আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে চার ধারায় দেওয়া হয়েছে মোট ১৬ বছর করে কারাদণ্ড।
এ মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জানান, রায়ে রাগীব আলীকে দন্ডবিধির ৪৬৭/৪৬৮ ধারায় ৬ বছর করে কারাদন্ড, একই ধারায় তার ছেলে আব্দুল হাই, মেয়ে রোজিনা কাদির, তার স্বামী আব্দুল কাদির এবং তার নিকটাত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ৭ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত সকলকেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, দন্ডবিধির ৪২০ ও ৪৭১ ধারায় তাদের প্রত্যেককে আরো এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। আসামীদের সকল দন্ড এক সাথে এবং একযোগে কার্যকর হবে। অর্থাৎ রাগীব আলীকে ৬ বছর এবং তার পরিবারের ৪ সদস্যকে ৭ বছর করে সাজা ভোগ করতে হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত; সিলেটের তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্য অভিযুক্ত। এর মধ্যে ওই চা-বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) স্বাক্ষর জালিয়াতি মামলায় গত ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর করে কারাদণ্ডাদেশ হয়েছে। এছাড়া, পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে দায়ের করা মামলায় গত ৯ মার্চ রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
আদালতের পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বিচার শেষে ২৬ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু মামলায় অভিযুক্ত রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্যগত কারণ দেখানোয় রায় ঘোষণা পিছিয়ে যায়।
৩০ মার্চের মধ্যে আব্দুল হাইয়ের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসককে নির্দেশ দেন আদালত। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যথাসময়ে প্রতিবেদন না দেওয়ায় ফের ৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। সে প্রেক্ষিতে গত ২ এপ্রিল আদালতে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়। তাতে স্বাস্থ্যগত মানসিক সমস্যা ধরা পড়েনি।
প্রতিবেদন দাখিলের পর পরই উচ্চ আদালতের নির্দেশে আদালত স্থগিত করা রায় ঘোষণার নতুন দিন ৬ এপ্রিল ধার্য করেন বলেও জানান সরকারি এই কৌশলী।
দেরিতে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের ব্যাখ্যা হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক আদালতকে জানান, ২৫ মার্চ সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলাকালে বোমা হামলায় হতাহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় প্রতিবেদন দাখিলে দেরি হয়।
আদালত রায়ে বলেছে, চার আসামিকে দুটি ধারায় সাত বছর করে সাজা দেওয়া হলেও বয়স বিবেচনায় রাগীব আলীকে ছয় বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে কারাগারে থাকা রাগীব আলী ও আবদুল হাইকে বৃহস্পতিবার রায়ের জন্য আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মোস্তাক ও পঙ্কজও আদালতে উপস্থিত ছিলেন। আর রোজিনা ও তার স্বামী আব্দুল কাদির পলাতক রয়েছেন।
দেবোত্তর সম্পত্তির চা বাগান বন্দোবস্ত নেওয়া ও চায়ের ভূমিতে বিধি বহির্ভূত স্থাপনা করার অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। তবে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলার নিষ্পত্তি করে দেয় পুলিশ।
ভূমি মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি দখলের দু’টি মামলা গত বছরের ১৯ জানুয়ারি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।
গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এদিনই রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই সপরিবারে ভারতে পালিয়ে যান। ১২ নভেম্বর দেশে ফেরার পথে জকিগঞ্জ সীমান্তে আবদুল হাই ও ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেফতার হন রাগিব আলী।
গত বছরের ১৪ ডিসেম্বর থেকে আলোচিত এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১৭ জানুয়ারি রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তারই মালিকানাধীন মালনিছড়া চা বাগানের সহকারী ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed