Main Menu

সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রদল কর্মী ইমাম হাসান ওরফে ডন হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
নিহত ইমাম হাসান ওরফে ডন হাসান (২৭) এর মা জায়রা বেগম বাদী হয়ে শনিবার সকালে এ মামলা দায়ের করেন। এরই মধ্যে মামলার চারজন আসামীকে আটক করা হয়েছে।
সিলেট কোতয়ালী থানার সেকেন্ড অফিসার আজিম উদ্দিন পাটোয়ারী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারে ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই রাব্বি, সাজু ও আবির নামে তিনজনকে আটক করে পুলিশ। শনিবার আটক করা হয় রায়হান নামের আরেক আসামীকে।
তিনি আরোও জানান, শনিবার বিকেল ৪টার দিকে নিহত হাসানের ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, পুলিশ এ ঘটনার ভিডিও ফুটেজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত লম্বা রড সমেত সূচালো ছুরি এবং একটি ওয়ান শুটারও উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহত ডন ছাত্রদলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল রোডের শাপলা বোর্ডিং এর সামন থেকে ডন হাসান ও তার এক সঙ্গীকে ধাওয়া করে নবাব রোডের দিয়ে নিয়ে যায় কয়েক যুবক। হাসপাতালের জরুরী বিভাগের সামনে যাওয়া মাত্র ডন হাসান থেমে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় তাকে মাটিতে ফেলে উপর্যুপরি কোপাতে থাকে হামলাকারীরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ডন হাসানের মৃত্যু হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed