Main Menu

শিববাড়িতে বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানের মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ মারা গেছেন।

সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন বলে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

Manual8 Ad Code

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে গত শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

Manual7 Ad Code

সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনার পরদিন সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। দুদিন পর চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয় বলে মুফতি মাহমুদ জানিয়েছিলেন।
বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা আনার পর ফের সিএমএইচে নেওয়া হয় তাকে।
আজাদের জন্ম ১৯৭৫ সালের ৩০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে। ৩৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১৯৯৬ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি।
এরপর আজাদ ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আইও, অ্যাডজুটেন্ট এবং কোয়ার্টার মাস্টারসহ নানা দায়িত্ব পালন করেন। সেনা কমান্ডো আজাদ সেনাসদর, ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের ২৬ অক্টোবর র‌্যাব-১২ এর একজন কোম্পানি কমান্ডার হিসেবে এই বাহিনীতে আসেন তিনি।
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজাদকে ওই বছর শেষেই র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে আনা হয়। দুই বছর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ৮ ডিসেম্বর ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন তিনি। আজাদের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় শিববাড়ি সংলগ্ন পাঠানপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পর পর দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা, দুই ছাত্রলীগ নেতাসহ ৬ জন নিহত হন। আহত হন আবুল কালাম আজাদসহ অন্তত ৪০ জন। আহতদের মধ্যে ১৯ জন এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত এ এস আই জনি লাল দে’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code