Main Menu

আতিয়া মহলে নিহত দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাটে নিহত চার জঙ্গির মধ্যে এক নারীসহ দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তাদের দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে যে দুজন জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল আজ তাদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এর আগে ওই দুজনের ডিএনএ সংগ্রহ করা হয়। তাদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মর্গে লাশ থাকবে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার সামছুল আলমের নেতৃত্বাধীনা চার সদস্যের চিকিৎসক দল ময়নাতদন্ত শুরু করেন। তবে ময়নাতদন্তের ব্যাপারে কোন মন্তব্য করেননি চিকিৎসকরা।
নিহত এ দুই জঙ্গির মধ্যে একজন মর্জিনা বলে ধারণা করছে পুলিশ। অপরজন কাওছার বা অন্য কেউ হতে পারে। তবে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। এদিকে, সকাল থেকে ভবনের ভেতরে তল্লাশী শুরু করেন সেনা কমান্ডোরা। ভবনের ভিতরে পড়ে থাকা অন্য দুই জঙ্গির লাশও উদ্ধার করেছেন তারা। মরদেহ দুটির গাঁয়ে থাকা সুইসাইডাল ভেস্ট অপসারণ করে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা। এখন লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।

Share





Related News

Comments are Closed