Main Menu

মাত্র ২০ টাকার জন্য প্রান গেল দোকানীর

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাত্র ২০টি টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে! এ কেমন পাষণ্ড প্রাণ। আজকালের দুনিয়ায় ২০ টাকার কী-ই বা এমন মূল্য আছে। অথচ মাত্র ২০ টাকার জন্যই এক নারীকে নির্মমভাবে খুনের শিকার হতে হয়েছে। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর এলাকার। খুনের শিকার ওই নারীর নাম হোসনে আরা (৫৫)। রবিবার রাত ১১টায় এ খুনের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী হোসনে আরা। মুদি দোকান করে সংসার চলে তাদের। একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ক’দিন আগেই ২০ টাকা বাকি রেখেছিল। রবিবার রাতে ইসমাইল দোকানে কিছু কিনতে গেলে রাজ্জাকের স্ত্রী আগের ২০ টাকা পরিশোধ করতে বলেন। এরই এক পর্যায়ে ইসমাইলের সঙ্গে রাজ্জাকের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় রাজ্জাকের স্ত্রী এগিয়ে আসলে ইসমাইল লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন হোসনে আরাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসমাইলকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

Share





Related News

Comments are Closed