সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন খাদিজা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাবি ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস সাড়ে চার মাস পর সিলেটে নিজ বাড়িতে পৌছেছেন। ঢাকায় দীর্ঘ চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে বিমানে তিনি সিলেট এসে পৌছান । এ সময় তার ভাই শাহিন আহমদ তার সাথে ছিলেন।
বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার হাউসায় পৌঁছান খাদিজা। বিমানবন্দরে তার বাবা মাসুক মিয়া তাকে রিসিভ করেন।
বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে হামলাকারী ছাত্রলীগ ক্যাডার বদরুলের শাস্তি দাবি করেন তিনি।
খাদিজা জানান, সাভারে সিআরপিতে তিন মাসের চিকিৎসায় প্রায় সুস্থ হয়ে এখন তিনি নিজের কাজগুলো নিজেই করতে পারেন। তিনি বলেন, ওখানে যখন চিকিৎসা নিতে এসেছিলাম তখন ছিলাম হুইল চেয়ারে বসে। সে সময় আমি হাঁটতে পারতাম না, ঠিকমতো কথা বলতে পারতাম না, ধীরে ধীরে কথা বলতাম, হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না।
উলেখ্য গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ের পশ্চিম প্রান্তে খাদিজাকে চাপাতি দিয়ে কোপায় শাবি ছাত্রলীগ নেতা বদরুল। এরপর প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার জটিল কয়েকটি অপারেশন হয়। স্কয়ারে চিকিৎসা শেষে তাকে সাভারে সিআরপিতে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বদরুল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। খাদিজার চাচা আব্দুস কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। চার মাস পর গত ১ ফেব্রুয়ারি খাদিজা এক সপ্তাহের জন্য সিলেটে আসে। এর ১৫ দিন পর সে ফের বাড়িতে এলো।
শুক্রবার সকাল ১০টার দিকে সাভার সিআরপি থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। সিআরপির একটি অ্যাম্বুলেন্সে প্রথমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১টার দিকে সিলেটে পৌঁছান খাদিজা। এ সময় তার বড় ভাই শাহীন আহমেদ এবং এক খালা সঙ্গে ছিলেন।
খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, ‘অনেকটাই হাসি খুশি মনে বাড়িতে ফিরেছে খাদিজা। আসার সময় সিআরপির সকল স্টাফের কাছ থেকে বিদায় নিয়েছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’
শাহীন আহমেদ আরো বলেন, খাদিজা বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য যোগযোগ করতে পারিনি। তবে প্রধানমন্ত্রী খাদিজার চিকিৎসা এবং দ্বিতীয় জীবন দানে অনেক বড় ভূমিকা রেখেছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ঋণী।’
পারিবারিক সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে তার ওপর নৃশংসতার ঘটনায় সাক্ষ্য দেবেন খাদিজা।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed