Main Menu

সোনারগাঁ ও রয়েল সিটি হাউজিং এর কার্যক্রমে স্থিতাবস্থার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত সোনারগাঁ আবাসিক এলাকা ও রয়েল সিটি হাউজিং এর কার্যক্রমের উপর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন সুপ্রীম কোর্ট। একই সাথে আদালত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলাকে (আবেদনকারী) সিভিল আপীল করার অনুমতি প্রদান করেছেন।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেন হায়দারের সমন্বয়ে গঠিত আপীল বিভাগের বেঞ্চ গত ৫ ফেব্রুয়ারি এ আদেশ প্রদান করেন।
বেলা’র আইনজীবী সাঈদ আহমেদ কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন
ব্যতীত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়নের অন্তর্গত গোটাটিকর, রুগনপুর, তৈয়ব সুলতান ও হবিনন্দি মৌজাধীন কুরি, ভারেরা মেদদী ও লোহাজুড়ি নামক ৪টি বিল ভরাট করে সোনারগাঁ আবাসিক এলাকা ও রয়েল সিটি হাউজিং প্রকল্প তাদের কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্ট বিভাগে মামলা (নং-৪৪০০/২০০৯) দায়ের করে। মামলার চূড়ান্ত শুনানী শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো: হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর আইন অনুযায়ী প্রকল্প পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে যে সকল অনুমোদনের দরকার তা সংগ্রহ করতে এবং অনুমোদন গ্রহণের পূর্ব পর্যন্ত জনগণের নিকট প্লট বিক্রয়সহ প্রকল্প সংশ্লিষ্ট কোন কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশ প্রদান করে রায় দেন। রায়ের বিরুদ্ধে বেলা সিভিল পিটিশন ফর লিভ টু আপীল (নং ১৫৫৫/২০১৫) দায়ের করলে আদালত গত ৫ ফেব্রুয়ারি এ আদেশ প্রদান করেন।
মামলার বিদাদীগণ ছিলেন ভূমি মন্ত্রালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; জেলা প্রশাসক, সিলেট; পরিচালক পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগ); উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুরমা সিলেট; সাউথ সুরমা সিটি লি: ও রয়েল সিটি হোমস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক।
বেলা’র পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এ এম আমিনউদ্দীন।

Share





Related News

Comments are Closed