Main Menu

ঢাকা থেকে নিখোঁজ জুয়ানা সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা গুলশান বারিধারা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৫দিন পর জুয়ানা বেগম (১০) নামের শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার জুয়ানার ভাই শাহ আলম ও তার মামা লাল মিয়ার জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর দর্শনদেউড়ী মাজার সংলগ্ন এলাকায় একটি মেয়েকে রাস্তার পার্শ্বে কান্নাকাটি করতে দেখতে পান জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বেলাল আহমদ ও সাবেক ছাত্র নেতা ও মহানগর যুবলীগের সদস্য সাইদুর রহমান, জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেদ আহমদ। এই তিন ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।
এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক চন্দ্রশেখর বড়–য়া মেয়েটির সাথে কথা বলে তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার করগাঁও গ্রামে বলে জানায়। সে মরহুম ফালু মিয়ার মেয়ে জুয়ানা বেগম। এসআই শেখর এ ব্যাপারে খোঁজ খবর নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। শেষ পর্যন্ত মেয়েটির পূর্ণ ঠিকানা নিশ্চিত হয়ে রোববার জুয়ানার ভাই শাহ আলম ও তার মামা লাল মিয়ার জিম্মায় জুয়ানা বেগমকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকা গুলশান বারিধারা এলাকা থেকে জুয়ানা বেগম নিখোঁজ হয়।

Share





Related News

Comments are Closed