Main Menu

ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও!

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোবাইল ফোন ‘হ্যাং’ বা অচল করে দিয়ে এক ব্যবসায়ীর বিকাশ এজেন্ট সিম থেকে ২৫ হাজার ৫৫০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিনব এ প্রতারণার ঘটনায় ভুক্তভোগী বিকাশ এজেন্ট শুভরাজ আহমেদ মামুন (২৯) দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী শুভরাজ আহমেদ মামুন উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি স্থানীয় প্রতাপপুর পয়েন্টের ‘আঁখি অ্যান্ড লাকি স্টোর’-এর স্বত্বাধিকারী এবং অনুমোদিত বিকাশ এজেন্ট।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে মামুন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে হিসাব পরিচালনা করছিলেন। এ সময় হঠাৎ তাঁর ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি (রিয়েলমি RMX3430) অপ্রত্যাশিতভাবে ‘হ্যাং’ হয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর ফোনটি পুনরায় সচল হলে তিনি দেখতে পান, তাঁর বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার ৫৫০ টাকা একটি অজ্ঞাত নম্বরে ক্যাশ-আউট/স্থানান্তর হয়ে গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি নিজে কোনো লেনদেন করেননি কিংবা ওটিপি (OTP)/পিন কারও সঙ্গে শেয়ার করেননি। অজ্ঞাত কোনো সাইবার প্রতারক চক্র দূর থেকে তাঁর ফোনটি নিয়ন্ত্রণ (হ্যাক) করে এই টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি ধারণা করছেন।

জিডিতে টাকা স্থানান্তরের ট্রানজেকশন আইডি (TrxID: DK06VBVXDC) উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই যে নম্বরে টাকা পাঠানো হয়েছিল সেটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় শুভরাজ আহমেদ মামুন বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি জিডি (নম্বর: ১১৪২) দায়ের করেছেন এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত ডিজিটাল প্রতারক চক্রকে চিহ্নিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed