ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা আলীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী প্রধানমন্ত্রীকে বলেন, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা উল্লেখ করে গত ৮ মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বাংলাদেশে রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে ও একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ রেলওয়ে এবং ব্রিটিশ কোম্পানি ডিপি রেল লিমিটেড মঙ্গলবার ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার পায়রা সমুদ্রবন্দরের মধ্যে ২৪০ কিলোমিটার রেললাইন নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে। এই রেললাইন নির্মাণে অনুমিত ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। রেলওয়ে কর্মকর্তারা বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পরে এই মেগা প্রকল্পের ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে যুক্তরাজ্যের আরও বিনিয়োগ আহ্বান জানান।
ব্রিটিশ হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি তিন কন্যাকে দেখে তিনি গর্বিত।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রেজোয়ানা সিদ্দিক, সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী এবং পাবনার ড. রুপা হক ২০১৫ সালের ৭ মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বৈঠকে উপস্থিত ছিলেন।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টিRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More



Comments are Closed