Main Menu

বদরুলের বিরুদ্ধে আরো ১৫ জনের সাক্ষ্য

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে আরো ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। রোববার বেলা ১১টা থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে আজ ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। উল্লেখযোগ্য সাক্ষীরা হচ্ছেন- খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক উম্মে সরাবন তহুরা, ওসমানী হাসপাতালের ডাক্তার আতাউল গণি, মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ, প্রত্যক্ষদর্শী তামান্না প্রমুখ।
তিনি জানান, আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর তারিখ ধার্য্য করেছেন। সেদিন স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এবং খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বদরুলের বিরুদ্ধে আদালতে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন। আজ আরো ১৫ জন মিলিয়ে এ নিয়ে এ মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হল। মামলায় মোট ৩৭ জন সাক্ষী রয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। গত ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরে শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে আসামি করে মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed