Main Menu

রিভিউ খারিজ : বিয়ানীবাজার পৌর নির্বাচন হতে আর বাধা নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন হতে আর কোন বাধা রইলো না। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ শুনানী শেষে পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের রিভিউ খারিজ করেন।
এ সময় সংক্ষিপ্ত আদেশে প্রধান বিচারপতি সংশ্লিষ্টদের শীঘ্রই বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এদিকে পৌর প্রশাসকের রিভিউ শুনানীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেৃত্বাধীন ৫ সদস্যের এই বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, বিচারপতি মো. ঈমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মামলার শুনানীতে সরকার পক্ষের কৌসলী ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট জহিরুল ইসলাম এবং বাদিপক্ষে ছিলেন এডভোকেট সুফিয়া খাতুন।
জানা যায়, ২০০১ সালের ২৯ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। তখন প্রশাসক হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করলে মন্ত্রণালয়ের আদেশের উপর হাইর্কোটে রীট পীটিশন দায়ের করেন বিয়ানীবাজার সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তফজ্জুল হোসেন। তার দায়ের করা রীট পীটিশন (২৩৭৫/২০০১) এর আলোকে আদালত পৌরসভার প্রশাসক হিসাবে তফজ্জুল হোসেনকে দায়িত্ব পালনের আদেশ দেন।
এরপর ২০০৯ সালের ১৩ জুলাই পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের রীট পীটিশনটি আদালত বাতিল করেন। তারপর তফজ্জুল হোসেন আবারও সুপ্রীম কোর্টে সিভিল পিটিশন (১৪২৫/০৯) দায়ের করেন।
এদিকে গত ২০ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ শুনানী শেষে সীমানা সংক্রান্ত আপিল মামলা (৬০১/২০০৯) খারিজ করেন এবং মামলা খরচ ১০০ টাকা ধার্য্য করেন। এরপর ঘোষিত রায়ের ওপর প্রধান বিচারপতির কাছে রিভিউ চান তফজ্জুল হোসেন।

Share





Related News

Comments are Closed