Main Menu

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন স্বজনরা। মঙ্গলবার সকালে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার রাজারপাড়া গ্রামের সলেমান আলী সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডের ভেতরে জায়গা না পাওয়ায় তাকে বারান্দায় রাখা হয়।

সলেমান আলীর ছোট ভাই আবুল কালাম বলেন, কোনো চিকিৎসকই তার ভাইকে ঠিকমতো দেখছিলেন না। এতে সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। আর মারা যাওয়ার পর তাকে অক্সিজেন দেয়া হয়।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজনরা জানান, সলেমানের মৃত্যুর পর তার স্বজনরা ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসককে অবরুদ্ধ করারও চেষ্টা করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে মরদেহ দ্রুত হস্তান্তর করে তাদের কে বাড়ি পাঠিয়ে দেয়।

ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক খলিলুর রহমান বলেন, রোগীর মৃত্যু হয়েছে। এখানে তাদের কোনো দায় ছিল না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জানেন না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে। চিকিৎসকের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই হাসপাতালে এর আগেও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ আছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে ২০১৪ সালের ২১ এপ্রিল সাংবাদিকদের ওপর হামলা করেন চিকিৎসকরা।

Share





Related News

Comments are Closed