Main Menu

ছাতকে দোকানে চুরি, ৮ লাখ টাকার মাল লুট

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে শহরের চাউলহাটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ি সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধু তার মালিকাধীন শহরের চাউলহাটা এলাকার মেসার্স মুহিবুর রহমান সাধু নামের ব্যবসা প্রতিষ্টানটি প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১২টায় তালাবদ্ধ করে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকাল ৭টায় তার ভাগিনা শামসুল হক তালা খুলে লোহার সিন্দুক ও পেছনের দরজাটি ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। সংঘবদ্ধ চোরেরা গভীর রাতে দোকানের পেছনের ষ্টিলের দরজা ও কলাপসিবলগেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লোহার সিন্দুক ভেঙ্গে নগদ ৩ লাখ ৮০ হাজার, ২ লাখ ৫০ হাজার টাকার সিগারেট ও দেড় লাখ টাকার দুধসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় সামনের রুম থেকে পেছনের রুমে নিয়ে লোহার সিন্দুকের দরজা ভেঙ্গে টিটি করার জন্যে রাখা ৩ লাখ ৮০ হাজার টাকা চুরি করা হয়। এটি বহন করতে ৮/১০ জন লোকের প্রয়োজন বলে জানা গেছে।
এব্যাপারে দোকান মালিক বিশিষ্ট ব্যবসায়ি মুহিবুর রহমান সাধু ঘটনার সুষ্টু তদন্ত ও জড়িতদের গ্রেফতারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে ছাতক থানার এসআই সুহেল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Share





Related News

Comments are Closed