Main Menu

‘কিরণমালা’ দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: কিরণমালা দেখতে গিয়ে বড় বোনের পিটুনির হাত থেকে রক্ষা পেতে পালাতে গিয়ে প্রাণ গেল ছোট বোন তানজিলা খাতুন (১২)। রাজশাহীর গোদাগাড়ীর আঁচুয়া কসাইপাড়া এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।

তানজিলা উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ বড় বোন শিল্পী খাতুনকে (২০) আটক করেছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হলে সে ওই গ্রামে তার দুলাভাই হারুনের বাড়িতে থাকত। সকালে তানজিলা পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। আর তার বড় বোনের শিশুসন্তান কাঁদছিল। এ ঘটনায় শিল্পী তার ওপর ক্ষিপ্ত হন। পরে তিনি পাশের বাড়ি গিয়ে ছোট বোনকে মারতে শুরু করেন। পিটুনির হাত থেকে রক্ষা পেতে পালাতে গিয়ে বোন তানজিলা ইটের ওপর পড়ে যায় এবং বুকে আঘাত পায়। তাকে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, টিভি সিরিয়াল কিরণমালা দেখতে গিয়ে বড় বোনের ধাওয়া খেয়ে পড়ে তানজিলার মৃত্যু হয়েছে। বড় বোনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed