সিলেটে অবৈধ পশুর হাটের দাপট, বিপাকে বৈধ ইজারাদার
বিশেষ প্রতিনিধি: সিলেটে কোরবানীর পশুর অবৈধ হাটের ব্যবসায়ীদের উৎপাতে পেরে উঠছেন না বৈধ হাটের ইজারাদাররা। রাস্তা থেকে পশুবাহী গাড়ী জোর করে আটকে রাখাসহ নানা উপায়ে অবৈধ পশু হাটের ব্যবসায়ীরা হয়রানি করছে বৈধ ইজারাদারদের। বৈধ ইজারাদাররা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না এমন অভিযোগও রয়েছে। বৈধ ইজারাদাররা অভিযোগ করছেন, সরকারের রাজস্ব প্রদান করেও ব্যবসা করতে পারছেন না। প্রশসানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। ফলে তারা ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সিলেট নগরীর স্থায়ী কাজিরবাজার পশুর হাটসহ সদর উপজেলা থেকে ইজারা দেওয়া লাক্কাতুরা, শাহপরান গেইট, এভারগ্রীন মাঠ, মিরাপাড়া পশুর হাটের ইজারাদারদের দাবি, ইজারাদাতা সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে অবগত করেও কোনো ফল পাচ্ছেন না তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারো সিলেট নগরীতে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় নেতারা জোট বেঁধে বেশ কয়েকটি পশুর হাট বসিয়েছেন। এগুলোর মধ্যে আখালিয়া বিজিবি মাঠ, সিলেট নগরীর শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠ, নগরীর উপশহরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের প্রবেশ পথ, পাঠানটুলা, সুবিদবাজার, কুমারপাড়া, এমসি কলেজ সংলগ্ন টিলাগড়, আনন্দ সংসদ মাঠে অবৈধ পশুর হাট বসানো হয়েছে।
লাক্কাতুরা পশুর হাটের ইজারাদার মো. রিমাদ আহমদ রুবেল জানান, অবৈধ পশুর হাটের মালিকরা শেরপুর টোলপ্লাজা থেকে ট্রাক চালকদের জিম্মি করে গাড়ি নিজেদের হাটে নিয়ে যাচ্ছেন। পশুবাহী ট্রাকের চালককে মারধোরের মতো ঘটনাও ঘটাচ্ছে। ফলে হাটে পর্যাপ্ত গরু আসছে না। সিলেট সদর উপজেলার সর্ব্বোচ্চ ইজারাদার হওয়ার পরও আমি অবৈধ পশুর হাটের মালিকদের কারণে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তারা পথে পথে গরুর গাড়ি আটকে পশু নামাচ্ছে। প্রতিবাদ করতে গেলে ট্রাক চালক ও বেপারীদের মারধোরও করা হচ্ছে। রোববার সকাল থেকে যতটি গাড়ি এসেছে সবগুলোই আটকে রেখেছে অবৈধ পশুর হাটের মালিকরা। বিশেষ করে বিজিবি মাঠ, পাঠানটুলা ও সুবিদবাজারে ট্রাক আটকে চালক ও আমাদের লোকজনকে মারধোরের মতো ঘটনাও ঘটেছে। প্রতিটি ঘটনা জালালাবাদ থানার ওসিকে জানানো হয়েছে। এছাড়া পশু আটকে রাখার কারণে আমরা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি, এ বিষয়টিও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানিয়েছি।
এদিকে ইজারা নেওয়ার পরও সিলেট সিটি করপোরেশনের পশুর হাট সমঝে না দেওয়ায় ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন নগরীর মাছিমপুরের কয়েদীর মাঠের ইজারাদার সিরাজুল ইসলাম শামীম। গত শনিবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘সিটি করপোরেশন গত ১ সেপ্টেম্বর নগরীর মাছিমপুর কয়েদির মাঠ সংলগ্ন এলাকায় পশুর হাট ইজারা দেওয়ার দরপত্র আহŸান করে। পরে আমি টেন্ডার জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হই। গত ৬ সেপ্টেম্বর সিটি করপোরেশন কর্তৃপক্ষ পশুর হাট বুঝিয়ে দিতে গিয়ে অবৈধ দখলদারদের বাঁধার মুখে পড়ে। পরবর্তীতে গত ৭ সেপ্টেম্বর সিসিকের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কাছে ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিখিত আবেদন করি। এ সময় পরদিন পশুর হাট বুঝিয়ে দেয়ার আশ্বাস দেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। গত ৮ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ পশুর হাটের দখলদারদের উচ্ছেদ করার চেষ্ঠা করেন। কিন্তু দখলদারদের বাঁধার মুখে ফের ব্যর্থ হন সিসিক কর্তৃপক্ষ। এ সময় ২৪ ঘন্টার মধ্যে ওই পশুর হাটটি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন সিসিক কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান কয়েদি মাঠ ত্যাগ করার পর দখলদার সন্ত্রাসীরা পশুর হাটে সশস্র হামলা চালিয়ে নগদ ৬ লাখ টাকা লুটসহ ২০ লাখ টাকার ক্ষতি করে। তিনি আরো জানান- নির্ধারিত সময়ের মধ্যে পশুর হাট বুঝিয়ে না দেওয়ার কারণে সিসিকের কাছে মোট ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিখিত আবেদন করেছেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed