পদ্মায় পানি বৃদ্ধিতে ফসলের ব্যাপক ক্ষতি
রাজশাহী থেকে হাবিব জুয়েল : ফারাক্কার প্রভাবে পদ্মায় পানি বৃদ্ধির কারণে বন্যায় রাজশাহীর চরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে চরাঞ্চলের বিভিন্ন ফসলি জমি। পানিতে তলিয়ে থাকায় শুধু রাজশাহী চিনিকল এলাকায় এক হাজার ২১৫ একর জমির আখ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ধান, পাট, ভুট্টাসহ অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে আখের। ফলে এবার মাড়াই মৌসুমে চিনিকলে আখের যোগান নিয়েও আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গত বুধবার রাজশাহী চিনিকলের একটি প্রতিনিধিদল জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি এলাকার জলমগ্ন আখক্ষেত পরিদর্শন করেন। প্রায় এক মাস ধরে ওই এলাকার আখক্ষেত পানিতে ডুবে রয়েছে।
জানা গেছে, চিনিকল জোন এলাকায় এবার ১২ হাজার ৩৮৭ একর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে পবা উপজেলার শ্যামপুর, বাঘা উপজেলার গড়গড়ি ও চকরাজাপুর ইউনিয়নের চর এলাকার আখের জমিতে প্রায় এক মাস ধরে পানি জমে রয়েছে।
চর শ্যামপুর এলাকায় আখের পাতা শুধু পানির ওপর বের হয়ে আছে। আর বাঘার চকরাজাপুর ইউনিয়নের চরের কোন কোন এলাকার আখ একেবারেই তলিয়ে গেছে। চিনিকল কর্তৃপক্ষের হিসাবমতে, ১১৫ একর জমির আখ তলিয়ে গেছে।এই আখ আর কোন কাজে লাগবে না। এছাড়া আরও ১ হাজার ১শ একর জমির আখ সম্পূর্ণ তলিয়ে না গেলেও শুধু মাথাটুকু বের হয়ে আছে। এসব আখও ক্ষতিগ্রস্ত হবে।
পবার চর শ্যামপুর এলাকায় গিয়ে দেখা যায়, আখক্ষেতের শুধু পাতা বের হয়ে আছে। মাথা ডুবে গেছে। স্থানীয় চাষীরা বলেন, পাতা জেগে থাকলেও এই আখ আর কোন কাজে লাগবে না। বাঘা উপজেলার বেঙ্গাড়ি গ্রামের কলেজশিক্ষক আবদুল জলিল বলেন, তার ১৩ বিঘা জমির আখ সম্পূর্ণ তলিয়ে গেছে। একই উপজেলার আশরাফপুর গ্রামের আবদুল মান্নান বলেন, তার ১২ বিঘা জমিতে আখ ছিল। পুরোটাই বন্যার পানিতে তলিয়ে গেছে।
রাজশাহী চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) রবিউল ইসলাম বলেন, তাদের প্রতিনিধি দল এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন।
তারা জানিয়েছে, চিনিকল এলাকার ১১৫ একর জমির আখ তলিয়ে গেছে। এই আখ পানি নেমে যাওয়ার পর নষ্ট হয়ে যাবে। আর এক হাজার ১শ একর জমির আখ সম্পূর্ণ না হলেও বেশির ভাগ অংশই তলিয়ে গেছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed