Main Menu

জঙ্গি সম্পৃক্ততায় শাবি’র আরেক শিক্ষার্থী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আরেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। আটক ছাত্রের নাম মো: জুয়েল আহমদ। সে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি জিয়াউল হক জানান, আটক জুয়েল হিজবুত তাহরীরের সদস্য। বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।
তিনি জানান, বুধবারের দিনব্যাপী অভিযানে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তিন জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে এ তিনজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে জঙ্গি সংশ্লিস্টতার প্রমান পাওয়ায় জুয়েলকে গ্রেফতার দেখানো হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, আটক জুয়েল শাবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক ২০০৭-০৮ ও স্নাতকোত্তর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুয়েল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০০৫ মাধ্যমিক ও ২০০৭ উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার বর্তমান ঠিকানা- ৫/এ ব্লক সি, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এর আগে গত ১৮ জুলাই শাবি থেকে আব্দুল আজিজ নামের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্র এবং গত ২ আগস্ট ইফ্ফাত আহমেদ নাহিদ নামে একই বিভাগের আরেক ছাত্রকে গ্রেফতার করা হয়। জুয়েলকে নিয়ে শাবি থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটকের সংখ্যা দাঁড়াল-৩ এ।
এদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ছাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর নড়েচড়ে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ও অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে।দীর্ঘদিন ধরে শাবিতে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন না এমন শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। যারা নিয়মিত ক্লাস করেন না তাদেরও তালিকা চাওয়া হয়েছে। এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে তারা নিখোঁজ বা অনিয়মিত তারও তথ্য চাওয়া হয়েছে।
এছাড়া শাবিতে ভর্তি হওয়ার পর কারা নিখোঁজ রয়েছে তারও তথ্য চাওয়া হয়েছে। তাদের সঙ্গে কোন জঙ্গি কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে সরকারের পক্ষ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিখোঁজ ও অনিয়মিত ছাত্রদের তালিকা চাওয়া হয়েছে। এর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়েও নিখোঁজ ও অনিয়মিতদের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার বলেন, নিখোঁজ ও অনিয়মিত ছাত্রদের তালিকা চেয়ে প্রতিটি বিভাগেই চিঠি দেয়া হয়েছে। তালিকাটি এখনও তৈরি করা হয়নি। এ ব্যাপারে কোন বিভাগের পক্ষ থেকে এ পর্যন্ত কোন তালিকাও আসেনি বলে জানিয়েছেন তিনি।

 

 

Share





Related News

Comments are Closed