Main Menu

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে দায়িত্ব পালনকালে প্রথম আলোর ফটো সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সদস্য আনিস মাহমুদ, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসেন, দৈনিক সকালের খবরের ফটো সাংবাদিক শহীদুল ইসলাম ও সংবাদকর্মী জাকির হোসেন দিপুর উপর কারারক্ষীদের হামলা, মারধর, ক্যামেরা ছিনিয়ে নেয়া ও ভাঙচুর এবং জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক উত্তরপূর্বের ফটো সাংবাদিক নূরুল ইসলামের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন- কর্তব্যরত ফটো সাংবাদিকদের উপর হামলা ও তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা উদ্বিগ্ন। কারারক্ষীদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের শামিল।
নেতৃবৃন্দ বলেন- এ ঘটনার পর পরই ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম দু:খ প্রকাশ করে সাংবাদিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আমরা আশাবাদী হামলার ঘটনার সাথে জড়িত কারারক্ষীদের চিহ্নিত করে তিনি দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সাথে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ক্যামেরাগুলো উদ্ধারের ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। অন্যথায় সিলেটে কর্মরত সাংবাদিকরা কর্মসূচি ঘোষণায় বাধ্য হবেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগারে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তিলাভে বিলম্ব নিয়ে ছাত্রলীগ নেতাকর্মী ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কারারক্ষীরা কারাগারের সামনের রাস্তায় রাখা মোটর সাইকেল ভাঙচুর শুরু করলে সাংবাদিকরা ছবি তুলতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কারারক্ষীরা তাদের ক্যামেরা ছিনিয়ে নেন এবং বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।
সুজনের নিন্দা : কর্তব্যরত ফটো সাংবাদিকদের উপর হামলা, মারধর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী। এক বিবৃতিতে তিনি এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আহত ফটো সাংবাদিকদের পাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ
সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের হামলায় আহত ফটো সাংবাদিকদের দেখতে বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় তারা হাসপাতালে চিকিৎসাধীন প্রথম আলোর ফটো সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সদস্য আনিস মাহমুদ, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসেন ও দৈনিক সকালের খবরের ফটো সাংবাদিক শহীদুল ইসলাম ও সংবাদকর্মী জাকির হোসেন দিপুর শয্যাপাশে কিছু সময় কাটান ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং আহত সাংবাদিকদের পাশে থেকে তাদের সুচিকিৎসা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ূম, সিলেট ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য মামুন হাসান, নূরুল ইসলাম, ইউসূফ আলী, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু প্রমুখ।

সিলেট জেলা প্রেসক্লাবে জরুরি সভা শুক্রবার
ফটো সাংবাদিকদের উপর সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের হামলার ঘটনার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবে জরুরি সভা আহবান করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি ও প্রতিনিধিত্বশীল সাংবাদিকদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

Share





Related News

Comments are Closed