Main Menu

সড়ক দূর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে যশোরের বাঘারপাড়ায় বাস-নছিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় চারটি গরুও মারা গেছে।

রোববার রাতে যশোর-মাগুরা সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহম্মেদ পাটোয়ারির ছেলে ইসহাক হোসেন ও লাল্টু হোসেন এবং একই উপজেলার হাজামবাড়ি গ্রামের জাহাঙ্গীর।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুউদ্দিন জানান, যশোর থেকে চারটি গরু কিনে নছিমনযোগে মাগুরা ফিরছিলেন চার ব্যবসায়ী। পুলেরহাট বাজারে পৌঁছালে একটি বাস নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসহাক হোসেন ও লাল্টু হোসেন নিহত ও চালকসহ তিনজন গুরুতর হন। এ সময় চারটি গরু মারা যায়।

আহত ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল, আশরাফুলকে মাগুরা সদর হাসপাতাল ও সিরাজুল ইসলামকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে জাহাঙ্গীর মারা যান।
অপরদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে রোববার এইস খাঁন এন্ড কোম্পানির মাটি কাটার গাড়ি উল্টে কোম্পানির সুপার-ভাইজার নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, কয়েক মাস ধরে বড়গাঁও গ্রামের ঢাকা-সিলেট মহা-সড়কের পাশে জমিতে মাটি ভরাট করতেছে এইস খাঁন এন্ড কোম্পানি। হঠাৎ করে এইরকম ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

পুলিশ ফাড়িঁ ইনচার্জ আব্দুর রহমান জানান,গাড়িটি এইস খাঁন এন্ড কোম্পানির মাটি কাটার জন্য ব্যবহার করা হতো। মাটি কাটার সময় সুপার-ভাইজার গাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করে গাড়িটি উল্টে যায় তখন গাড়িতে থাকা এইস খাঁন এন্ড কোম্পানির সুপার-ভাইজার ফারুকুল ইসলাম (৩৩) ঘটনাস্থলে নিহত হন ।
গাড়িটি উল্টে যাওয়ার পর গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।

Share





Related News

Comments are Closed