Main Menu

আপনার আঙ্গুলের ছাপে নিবন্ধিত হচ্ছে অন্যের সিম

নিউজ ডেস্ক: সিম নিবন্ধনের নতুন সংস্করন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন। অনেক জল্পনা কল্পনার মধ্যদিয়েই চলছে সিম নিবন্ধন এর কাজ। এ জল্পনা কল্পনার ভিতের আরেকটু ঘি ঢেলে দিলেন ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় রিটেইলাররা গ্রাহকদের প্রতারণা করছে। আঙ্গুলের ছাপ মিলছে না অজুহাতে বারবার বায়োমেট্রিক নিয়ে রিটেইলাররা একাধিক সিম নিবন্ধন করছে বলে জানিয়েছেন বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী।

বুধবার (২৫ মে) বিকেলে বি‌টিআর‌সি ভবনে শর্টকোড উদ্বোধন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সিম নিবন্ধনে রিটেইলারদের দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আশুলিয়ায় একজন রিটেইলার গ্রাহকের অসাবধানতার সুযোগে আঙ্গুলের ছাপ নিয়ে একাধিক সিম নিবন্ধন করেন। গ্রাহক সাবধান থাকলে এমনটা সম্ভব হতো না।

গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিবন্ধনের সময় গ্রাহকরা যতবার আঙ্গুলের ছাপ দিচ্ছেন ততবার যে নম্বরগুলোকে রেজিস্ট্রেশন করা হচ্ছে তা যাচাই করে নিতে হবে। কারণ নিবন্ধনের সময় মেসেজ দিয়ে গ্রাহককে বিষয়টি নিশ্চিত করা হয়। সুতরাং এটি যাচাই করা খুব একটা কঠিন নয়। অন্যথায় রিটেইলারদের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের অজান্তে একাধিক সিম নিবন্ধনের ঘটনাও ঘটেছে বলে জানান এমদাদ উল বারী।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিটিআরসি পরিচালক জানান, এখন পর্যন্ত ৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার সংযোগ নিবন্ধিত হয়েছে। যেখানে মোবাইল সংযোগ (সিম) রয়েছে ১৩ কোটির বেশি। যারা ৩১ মে এর মধ্যে নিবন্ধন করবেন না, ১ জুন থেকে তাদের সংযোগ বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed