Main Menu

ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী আনি ময়োনি জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা দেখতে পান নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়।

নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডিআরসিতে নৌযানগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা হয়। এ ছাড়া অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম।

এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

Share





Related News

Comments are Closed