Main Menu

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে থেকে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে আনারুল তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তার মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে বিভিন্ন অশালীন কথাও বলা হয়। পরে বিষয়টি তার বন্ধুদের ফোন করে জানালে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, আমরা টিচার্স কোয়ার্টারের সামনে তাকে আটক করি। পরে সেখানে আরও অনেক শিক্ষার্থী আসেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Share





Related News

Comments are Closed