সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১৬৪ জনের মৃত্যু হলো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জের একজন। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বাড়ি সিলেটের কানাইঘাট, একজনের জকিগঞ্জ, একজনের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও অন্য আরেকজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৯৫ জন রোগী। তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারো হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি।
Related News
হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশেRead More



Comments are Closed