Main Menu

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

সরকারি নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে দোকান, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে বিপণিবিতান, মার্কেট ও দোকানগুলো এখন থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন স্থানে থাকা আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed