Main Menu

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। ১৯৮৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দোয়া, মিলাদ, কোরআনখানি, আলোচনা সভা, খাদ্য বিতরণ ও স্মরণানুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

দিবসের শুরুতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম, কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। নৌ সদর দপ্তরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে শ্রদ্ধা নিবেদন, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এছাড়া ঢাকায় তাঁর বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের সহধর্মিণী বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ীদের দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে ছিন্নমূল শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’তে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি জানান, স্বামী মাহবুব আলী খানের অনুপ্রেরণাতেই সমাজকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।

Manual5 Ad Code

ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও জাতীয় মসজিদসহ বিভিন্ন জামে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। একইভাবে সিলেট, বগুড়া, জামালপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পারিবারিক ও সামাজিক উদ্যোগেও মিলাদ, দোয়া মাহফিল এবং তবারক বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সিলেটে মরহুমের নিজ বাসভবন বিরাহিমপুরে বাদ জোহর দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। এছাড়া পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা, শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) দরগাহ মসজিদ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

এছাড়া সৌদি আরবের মক্কা ও মদিনা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবন ও অবদান সংরক্ষণে প্রতিষ্ঠিত হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম। পাশাপাশি হৃদরোগ গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং সিলেটে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরিকল্পনাও রয়েছে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা, দানশীলতা ও আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে দেশ-বিদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর ও প্রবীণ রাজনীতিক।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code