Main Menu

সিলেট থেকে মাস্কাট ফ্লাইট শুরু করছে সালামএয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আকাশপথে নতুন দিগন্ত উন্মোচন করে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে ওমানের জনপ্রিয় বাজেট এয়ারলাইন ‘সালামএয়ার’। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে ডানা মেলবে সংস্থাটির বিমান।

প্রাথমিকভাবে সিলেট থেকে প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সালামএয়ারের গ্লোবাল নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের ৩৮টি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিস্তৃত। ওমান ও বাংলাদেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও সাশ্রয়ী করতেই এই সম্প্রসারণ। বর্তমানে এয়ারলাইনটি বাংলাদেশ থেকে সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি ও ঢাকা থেকে ৭টি ফ্লাইট নিয়মিত যাতায়াত করছে।

যাত্রীদের জন্য আকর্ষণীয় সব সুবিধা নিয়ে আসছে সালামএয়ার। সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি অতিরিক্ত লাগেজ সুবিধা, পছন্দমতো আসন ও খাবার নির্বাচনের সুযোগ থাকছে এই এয়ারলাইনে। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্টদের জন্য থাকছে বিশেষ ওয়েব পোর্টাল সুবিধা, যা একটি সংক্ষিপ্ত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা যাবে।

সালামএয়ারের সিলেট ইন-চার্জ সেলিম আল রাজী জানিয়েছেন, সিলেটে সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নগরীর নবাব রোডস্থ ৬১ নম্বর বাড়িতে (নিরাময় পলি ক্লিনিকের বিপরীতে) প্রতিষ্ঠানটির সিটি অফিস স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে এই আন্তর্জাতিক রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। টিকিট ও রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন যাত্রী ও সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed