Main Menu

গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে ৮ জন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার বডি ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, বালুমহালের ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে অভিযানে বৈধ ইজারাকৃত এলাকার ভেতরে থাকা নৌকার বডি ক্ষতিগ্রস্ত করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি দাবি করেন, বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই বালুর সঙ্গে কিছু পাথর উঠে আসে। আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করা হয়নি।

তিনি আরও বলেন, “কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী জরিমানা বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। কিন্তু নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা মোটেও সমীচীন হয়নি।”

অভিযানের বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed