Main Menu

চট্টগ্রামে দুইদিনে পানিতে ডুবে চার শিশুসহ ৫ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ী ঢলের পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত দুই দিনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চার শিশুসহ পাঁচ জনের মৃত্যু হল।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর বাহার ছড়া বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিশু মোহাম্মদ আশিক (৮) ও মো. মিরাজ (৬)। পরে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ।

জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের আশিককে উদ্ধার করে বাঁশখালী গুণাগরি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ইউনিয়নের রত্নপুর গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মিরাজকে নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হবে।

এদিকে হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে এক যুবদল নেতা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনিকেত দাস (২) ও মো. ইসতিয়াক (৬) নামে দুই শিশু রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার জেলার সাতকানিয়া সাঙ্গু নদীর পানিতে পড়ে নিখোঁজ হন আবদুল আলম (৩৫) নামের এক যুবদলকর্মী। পরে শুক্রবার ভোরে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকায় বন্যার পানিতে ডুবে মারা যাওয়া অনিকেত স্থানীয় বাসিন্দা আশিষ কুমার দাসের ছেলে।

একই দিনে জেলার আনোয়ারা উপজেলায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ছয় বছর বয়সী মোহাম্মদ ইশতিয়াকের মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা।

নিহত শিশু বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ইশতিয়াক নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে অতিবৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ডোবা-সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed