জৈন্তাপুরে বিজিবির আটক করা অবৈধ ৩ ট্রাক পাথর লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলিত ট্রাকভর্তি পাথর ছিনিয়ে নিয়েছেন শ্রমিকরা। সড়ক অবরোধ করে মব সৃষ্টি করে চারটি ট্রাকের তিনটির পাথর আনলোড করে সরিয়ে নেন তারা।
অবশ্য একটি ট্রাক বিজিবি আটক রাখতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ট্রাকটিকে অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে অবৈধ পাথর বোঝাই চারটি ট্রাক জব্দ করে বিজিবি শ্রীপুর ক্যাম্পের জওয়ানরা।
ট্রাকগুলো নিয়ে মহাসড়কের খড়মপুর গুচ্ছগ্রামের মুখে পৌঁছালে নেপথ্যে থাকা লোকজন শ্রমিকদের দিয়ে মব সৃষ্টি করে উত্তেজনা ছড়ান। এর জের ধরে প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা হয়।
সড়কের উভয় পাশে শত শত যানবাহনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন পর্যটকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
৪৮ বিজিবি সূত্র জানায়, শ্রীপুর বিওপির টহল টিম শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত চারটি পাথর বোঝাই ট্রাক জব্দ করে। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার সময় শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর আনলোড করে সরিয়ে ফেলেন। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি আটক করে।
ট্রাক আটকের জের ধরে প্রায় দুই ঘণ্টা শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এসময় শ্রমিকরা লাঠিসোঁটা হাতে মারমুখী অবস্থায় ছিলেন। তখন বিজিবি সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানান। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে ও গুলি ছোড়েন। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা আটক করেন। এসময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শর্টগান ফায়ার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির ওপর আক্রমণ করার চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছেন।
বিজিবির এই কর্মকর্তা বলেন, শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল, শুক্রবার থাকায় ওই সড়কে অনেক পর্যটক আটকা পড়েন। কীভাবে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করা হয়েছে, তারা সবাই দেখেছেন। এটা সিলেটের জন্য কোনো ভালো বার্তা বহন করে না।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। যেটা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। সেইসঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকা উচিত।
Related News
ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমানকে (৮৫) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহRead More
সিলেটে ১০ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক, সন্ধান চায় পরিবার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো. মিজানুর রহমান (৩২) গতRead More



Comments are Closed