Main Menu

জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১,৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটককৃত আব্দুল হাসিব (৪০) উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকার জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল হাসিবকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পুলিশ বলছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় জকিগঞ্জ উপজেলায় মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারিও অব্যাহত রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed