Main Menu

দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি জানিয়েছে, দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন হলে দ্রুত মোতায়েনের জন্য সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বাহিনীটি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে।

সরকারি আদেশে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed