কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪ ও নিখোঁজ ১৮
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের শিল্পশহর রাস লাফফানে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রোববার (২১ জুন) সন্ধ্যার দিকে ঘটা এ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সেইসঙ্গে এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৮ জন।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
কাতারের রাষ্ট্রয়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ দুর্ঘটনা। আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা শুরু হয়েছে।
কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ। রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর; কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এমনই একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে বড় ও ভারী কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। রাস লাফফানের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল; আর বিস্ফোরণের শব্দ এত প্রকট ছিল যে রাজধানী দোহায়ও সেটির আওয়া পাওয়া গেছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতের নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রোববার সেই প্ল্যান্টের কাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed