Main Menu

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বুধবার (১৭ জুন) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল এদিন ভোররাতে জকিগঞ্জ উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া, গত ১৬ জুন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল ও সুরাইঘাট বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু, ২৬টি কম্বল, ৫৫০ পিস কিটক্যাট চকলেট, ২৮৭ কেজি চিনি এবং ৬৮ কেজি চা পাতা জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed