জগন্নাথপুরে তাবলিগের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহতদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব তাবলিগ জামাতের একটি পক্ষের পক্ষে বক্তব্য দেন। এ সময় গ্রামের বাসিন্দা সিরাজ আলী ওই বক্তব্যে আপত্তি জানিয়ে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে একই গ্রামের ইয়াহিয়া ও আব্দুল্লাহ ইয়ামিন সুনুর মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। পরে তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed