সিলেটে নিখোঁজের দুইদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে দিনমজুরের কাজ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুইদিন পর আজ শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির বাবা জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed