সিলেটে তালাবদ্ধ দোকান খুলে দিতে রাস্তায় ব্যবসায়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের তালাবদ্ধ দোকান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
সোমবার (৪ মে) সকাল ১১টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসকের নির্দেশে গত ২৬ মার্চ থেকে মার্কেটের দোকানগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, যা বেআইনি ও আদালতের আদেশ অমাননার শামিল।
ব্যবসায়ীরা জানান, ১৯৯৯ সালে দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা প্রায় কোটি টাকা সেলামি দিয়ে ১ থেকে ৭ নম্বর দোকান ভাড়া নেন এবং জেলা প্রশাসন ও মসজিদ ট্রাস্টের সঙ্গে পৃথক চুক্তির ভিত্তিতে দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তাদের দাবি, চলতি বছরের ১০ মার্চ মসজিদ ট্রাস্ট এক নোটিশে তিন দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেয়, যা একতরফা ও চুক্তিবিরোধী। এ নিয়ে হাইকোর্টে রিট দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতাও তিন মাসের জন্য স্থগিত করা হয়।
অভিযোগে বলা হয়, এসব আদেশ থাকা সত্ত্বেও ২৫ মার্চ সহকারী কমিশনার (ভূমি) দোকান বন্ধের নির্দেশ দেন এবং পরদিন রাতে অভিযান চালিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে ভেতরে থাকা কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অবিলম্বে তালাবদ্ধ দোকান খুলে দেওয়া এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় বাধা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed