Main Menu

মঙ্গলবার থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ঘিরে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে নগরীর ৩৭টি কেন্দ্রের আশপাশে চলাচল ও নানা কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন, বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন যেকোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় পরীক্ষাকেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়। নির্দেশনাটি পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে।

সিলেট মহানগরীর যেসব কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়, রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, জালালপুর উচ্চ বিদ্যালয়, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, শাহজালাল উপশহর হাই স্কুল, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয় মিরাবাজার, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং জালালপুর ডিগ্রি কলেজ।

জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed