Main Menu

হবিগঞ্জে স্বামীকে হত্যার পর মরদেহ ঘরে তালাবন্ধ রেখে পালালেন স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামে স্বামীকে হত্যার পর মরদেহ ঘরে তালাবন্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফেরদৌস মিয়া (৩৫) বারচান্দুরা গ্রামের সমসু মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের বুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছে। তার বুকে ধারাল অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ।

মাধবপুর থানার এসআই শাহনুর রহমান জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed