Main Menu

সিলেটে লন্ডন প্রবাসী হত্যা, ১৬ দিনেও গ্রেফতার নেই

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের একটি হাওরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফিকে। হত্যাকাণ্ডের ১৬ দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্লু-লেস এই হত্যার পেছনের মূল রহস্য এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে লন্ডনে স্বপরিবারে বসবাস করছিলেন। গত ২৭ জানুয়ারি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ২৮ জানুয়ারি দেশে ফেরেন।

সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন তিনি। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বোন আসমা জাহান।

নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি গলায় দড়ি প্যাঁচানো ও আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর হাওরে নিয়ে
মরদেহে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে লবণের একটি প্যাকেটও উদ্ধার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করে।

Manual1 Ad Code

পরিবারের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাই সুলেমান আহমদ বলেন, “আমার ভাইকে একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। কিন্তু কারা এবং কী কারণে হত্যা করেছে তা এখনও অজানা। এতদিনেও আসামি শনাক্ত বা গ্রেফতার না হওয়ায় আমরা মর্মাহত। হত্যার আলামত নষ্ট করতে মরদেহ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে।”

সাবেক সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, “বুরহান উদ্দিন শফি একজন সুপরিচিত মানুষ ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করতে না পারা উদ্বেগজনক।”

এদিকে, নিখোঁজ হওয়ার দিন রাতে শফি মোটরসাইকেল নিয়ে বের হন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসা ছিলেন এক অজ্ঞাত যুবক। পরিবার জানায়, ওই যুবককে তারা আগে কখনও দেখেননি বা চিনেন না। ফুটেজ প্রকাশের পর মামলায় নতুন মোড় নেয়।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “হত্যাকাণ্ডটি পরিকল্পিত। তদন্তে আমরা অনেক দূর এগিয়েছি। শফির সঙ্গে মোটরসাইকেলে থাকা যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। তবে তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

Manual1 Ad Code

ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটেনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code