সিলেটের ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তাঁর জামানত ফেরতযোগ্য থাকে না। সেই হিসাবে জেলার অধিকাংশ আসনেই একাধিক প্রার্থী নির্ধারিত সীমার নিচে ভোট পেয়েছেন।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে ছয়জন, সিলেট-২ আসনে তিনজন, সিলেট-৩ আসনে চারজন, সিলেট-৪ আসনে তিনজন, সিলেট-৫ আসনে একজন এবং সিলেট-৬ আসনে তিনজন রয়েছেন।
সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর)
এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। জামানত রক্ষায় প্রয়োজন ছিল কমপক্ষে ৪০ হাজার ৬৯২ ভোট। নির্ধারিত সীমার নিচে ভোট পেয়ে ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪ ভোট), বাসদের প্রণব জ্যোতি পাল (১,১৩৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (২,৭০১), সিপিবির মোহাম্মদ আনোয়ার হোসেন (৯০৮), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (২৩৯) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্ত দাস (৮০১)।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর)
মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২০ হাজার ৫৬৩ ভোট। তিনজন প্রার্থী এ সীমার নিচে ভোট পেয়েছেন। তাঁরা হলেন—জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১,৪২০), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (১,৪০৮) এবং গণফোরামের মো. মজিবুল হক (৬৩৭)।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)
এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৫ হাজার ৫৮১ ভোট। চারজন প্রার্থী নির্ধারিত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (২৯৭), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (৪,১৯৯), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২,৬৩০) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১,৩৯১)।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর)
মোট ভোট পড়েছে ২ লাখ ৭০ হাজার ৫৬৫। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩৩ হাজার ৮২১ ভোট। এ আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ (২,৭১৪) এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (১,৯৬৬)।
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট)
এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৬ হাজার ৪৩৯ ভোট। চারজন প্রার্থীর মধ্যে তিনজন নির্ধারিত সীমার বেশি ভোট পেলেও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন মাত্র ৩৭২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার)
মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৬২ ভোট। নির্ধারিত সীমার নিচে ভোট পেয়ে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১,৩৮৬), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (১,১৭০) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (২৩,৮৪৬)।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন এবং সিলেট-৬ আসনে ছয়জন প্রার্থী ছিলেন।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed