Main Menu

নির্বাচনের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পক্ষপাত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সঙ্গে জড়িতদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। এখানে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই, সবাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত এবং সবাই সৎ ও ভালো অফিসার। সবাই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। আমাদের যে প্রত্যাশা ছিল, তার চেয়েও অনেক ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেন্দ্রগুলোতে সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা, বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ডগ স্কোয়াড থাকবে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে, যদিও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার থাকবেন। এই ১০ জনের মধ্যে ৩ জন থাকবেন আর্মড আনসার। অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী ও আধুনিক।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার বিষয়ে এক নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কারণ, ওই নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শোনিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed