লিবিয়ায় যুবককে অপহরণ করে মুক্তিপণ, সিলেটে গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়ায় প্রবাসী সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থেকে ছাদেক আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল বিয়ানীবাজার থানাধীন বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) জালালাবাদ থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃত ছাদেক আহমদ বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের শাহ আলমের ছেলে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, ভিকটিম সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৮ বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় যান এবং সেখানেই অবস্থান করছিলেন।
র্যাবের তথ্যমতে, লিবিয়ায় অবস্থানকালে সুমনের সঙ্গে আবু বক্কর নামের এক ব্যক্তির পরিচয় হয়। ঘটনার প্রায় তিন মাস আগে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি নবায়নের জন্য আবু বক্করের কাছে পাসপোর্টটি দেন। এরপর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সুমন বাংলাদেশে থাকা তার পরিবারকে ফোন করে জানান, আবু বক্করসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাকে অপহরণ করেছে এবং মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যরা সুমনের দেওয়া তিনটি মোবাইল নম্বরে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর থেকেই পরিবারের সঙ্গে সুমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ২০২৫ সালের ২০ ডিসেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে ভিকটিমের ভাই রিয়াদ হোসেনকে ফোন করে আরও ৩-৪ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে আবু বক্করের মাধ্যমে সুমনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সে।
এ ঘটনায় প্রবাসী সুমনের ভাই রিয়াদ হোসেন জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি দল ১৯ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজার থানাধীন বৈরাগীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে লিবিয়া প্রবাসী সুমন মিয়াকে অপহরণ করে আটক রেখে মুক্তিপণ দাবি ও গ্রহণের অভিযোগে ছাদেক আহমদকে আটক করা হয়।
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed