Main Menu

জৈন্তাপুরে পর্যটকবাহী বাস থেকে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে পর্যটকবাহী একটি বাস থেকে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে জৈন্তাপুর মডেল থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়, জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী রয়েল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) তল্লাশি চালায়।

পুলিশ জানায়, তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট অমৃত ব্র্যান্ডের জিরা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।

এ সময় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বনগ্রাম এলাকার মৃত মিরাজ চৌধুরীর ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত পণ্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed