Main Menu

নরসিংদীতে রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন, আর সুলতানপুর গ্রামে বাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী সোমবার রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসাথে দোকান বন্ধ করে বের হই। পথিমধ্যে ভাইয়ের উপর হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিলো না। সে খুবই ভালো মানুষ ছিলো। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সাথেই পড়ে ছিলো। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed